আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের ম্যাচগুলো বাংলাদেশে হলে পাকিস্তান রাজি হবে?

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাস দুয়েকের মতো বাকি থাকলেও এখনো ভেন্যু নিয়ে দ্বন্দ্বের কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে আইসিসির সভা ১৫ মিনিটেই শেষ হয়ে গেছে। কোনোপক্ষই ঐক্যমতে পৌঁছতে পারেনি। ভারত চায় চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হোক। কিন্তু আয়োজক দেশ পাকিস্তান এর তীব্র বিরোধিতা করছে। তবে আট দলের এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনাই বেশি।

রাজনৈতিক কারণে ২০০৮ সালের পর ভারতের ক্রিকেট দল পাকিস্তানে যায় না। ভারতের চাপে গত এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজন করতে একপ্রকার বাধ্য হয়েছিল পাকিস্তান। সেবার ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। এবারও ভারত এমনই কিছুর দাবি করেছে। তাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করার। কিন্তু দীর্ঘদিন পর আইসিসির ইভেন্ট আয়োজন করতে যাওয়া পাকিস্তান তাতে রাজি হবে কেন?

হাইব্রিড মডেলের আলোচনায় বিকল্প ভেন্যু হিসেবে সবার আগে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। ভারতের ম্যাচগুলো সেখানে হতে পারে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে ভারতের ম্যাচগুলো বাংলাদেশ আয়োজন করতে চায়! এমনটা হলে ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে সেই ফাইনালও বাংলাদেশেই আয়োজন করতে হবে।

যাই হোক, এখন পর্যন্ত নিজেদের দেশের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পাকিস্তান। তাদের আশা, ভারতীয় দল পাকিস্তানে যেতে রাজি হবে। তবে বাস্তবে সেই সম্ভাবনা অনেক কম। আগামী ৫ ডিসেম্বর আইসিসির আরেকটি সভা আছে। সেই সভায় চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশও সেই সভায় ভারতের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দেবে বলে জানা গেছে। বাকিরা কি এতে রাজি হবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত