গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে বনগ্রাম বাজার এলাকায় সরকারী জায়গা দখলে নিয়ে দোকানঘর তোলাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় এই দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পাঁচ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বনগ্রাম, আইকদিয়া ও এর আশপাশ এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় পাশের ইউনিয়ন মোচনার আইকদিয়া গ্রামের শওকত সিকদার ও তার লোকজন জোর করে দোকানঘর তুলতে গেলে মহারাজপুর ইউনিয়নের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও একপর্যায়ে দুই ইউনিয়নবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।