অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ দুবাইতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচে জয়ী দল হবে গ্রুপসেরা এমনই ছিল সমীকরণ। ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ চার ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৪ রান।
তবে ১৬ রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে যুবারা। ৭ রানের জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উ্ঠেছে লঙ্কানরা। বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে গেল সেমিফাইনালে।
শ্রীলঙ্কা ২২৮ রানের পুঁজি পেয়েছিল মূলত ভিমাথ দিনসারার সেঞ্চুরিতে। লঙ্কান এই ব্যাটসম্যান ১৩২ বলে ১০ চারে খেলেন ১০৬ রানের ইনিংস।
জবাব দিতে নেমে কালাম সিদ্দিকির ৯৫ রানের ইনিংসে ভর করে সব সময়ই ম্যাচে ছিল বাংলাদেশ। ব্যক্তিগত ৩১ রানে দেবাশিষ দেবা যখন আউট হন তখন বাংলাদেশ লক্ষ্য থেকে ৫১ রান দূরে। সেখান থেকে হার কিছুটা অবিশ্বাস্যই বটে। ফরিদ হাসানের সামনে সুযোগ ছিল দলকে ম্যাচ জিতিয়ে নায়ক হওয়ার। তবে ২৯ বলে তার অপরাজিত ২৪ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
সেমিফাইনালে বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ 'এ' এর চ্যাম্পিয়ন দলের সঙ্গে। সেই হিসেবে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে আছে পাকিস্তান।