পাবনার সুজানগরে জ্বালানি তেল ও এলপি গ্যাসের একটি দোকান থেকে আগুন লেগে প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত পাঁচজন।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাসপাতাল গেটের সামনের হেলাল হাজারী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন সুজানগরের জসিম (২৫), রাব্বি (২৪), মিরাজুল (১৯), তেলের দোকানদার জনাব (৪০) ও শাহজাদপুরের রতনকান্দির জবর আলী (৪৫)। এদের মধ্যে জনাবের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মার্কেটে জ্বালানি তেল ও এলপি গ্যাসের একটি দোকান রয়েছে। সেখানে তেল লোড-আনলোডের সময় অগ্নিকা-ের সূত্রপাত হয়। দোকানটিতে বিপুল তেল থাকায় এবং আশপাশে অনেক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন প্রায় ২০টি দোকানে ছড়িয়ে পড়ে। এরপর সুজানগর, সাঁথিয়া, বেড়া ও পাবনা সদরসহ কয়েকটি স্টেশনের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কয়েক ঘণ্টা চেষ্টার পর গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম জানান, সুজানগরে অগ্নিকা-ের ঘটনায় রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে এবং অন্যদের ১০ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
সুজানগরের ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অত্যন্ত দাহ্য পদার্থ থাকায় কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরে সুজানগরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতির পরিমাণ ঠিক কত তা ভুক্তভোগীদের সঙ্গে কথা না বলে বলা সম্ভব হচ্ছে না।