সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন সাংবাদিকের ওপর মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন বিক্ষুব্ধ সাংবাদিকরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, কাইল্লা মাসুদ বাহিনীর সন্ত্রাসীদের হাতে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম ও দৈনিক বর্তমানের সাংবাদিক পারভেজ। এ ঘটনায় রূপগঞ্জে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, ‘আমরা সাংবাদিকদের ব্যাপারে আন্তরিক। আমাদের অভিযান চলমান রয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’