নাতির মৃত্যুর খবর শুনে নানির মৃত্যু

বগুড়ার ধুনটে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম আবদুল হালিম (৪২) উঠান বৈঠককালে ব্রেন স্ট্রোকে মারা যান। আদরের নাতির মৃত্যুর খবর শোনার পর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বৃদ্ধা নানি আয়েশা বেওয়াও (৯৫)। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আয়েশা বেওয়া ওই গ্রামের মৃত আবুল হোসেন আকন্দের স্ত্রী। যুবদল নেতা আবদুল হালিম যমুনা তীরবর্তী শহরাবাড়ি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

জানা যায়, গত সোমবার সন্ধ্যার পর চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকায় দলীয় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন আবদুল হালিম। এ সময় আওয়ামী লীগ সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। রাত সাড়ে ৮টার দিকে নেতাকর্মীরা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নাতির মৃত্যুর খবর সইতে না পেরে তার বৃদ্ধা নানিও কিছুক্ষণ পর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। গতকাল মঙ্গলবার বাদ জোহর মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে একই কবরস্থানে নানি-নাতিকে দাফন করা হয়।