নিয়মিত অধিনায়ক এবং অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। এই জয়ের পেছনে অন্যতম কারিগর জাকের আলী অনিক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তার ১০৬ বলে ৯১ রান বড় টার্গেটের ভিত গড়ে দেয়। ম্যাচ জয়ের পর আবেগ ছুঁয়ে গেল জাকেরকে।
হবিগঞ্জে জন্ম নেওয়া জাকের ছোট থেকেই ক্রিকেটপাগল ছিলেন। রাত জেগে খেলা দেখতেন। তার বাবাও এতে খুব একটা বাধা দিতেন না। সেই জাকের এখন জাতীয় দলে খেলছেন। জায়গা পাকা করতে না পারলেও ভালো সম্ভাবনা আছে। কিন্তু ছেলের এই অর্জনগুলো দেখে যেতে পারেননি তার বাবা। তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয়ের পর বাবাকেই স্মরণ করলেন জাকের।
ফেসবুকে এই তরুণ ব্যাটার লিখেছেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করিনি। সারারাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে, আমি খেলা দেখছি! অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো বকা দিল না। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। Anyway this is for you Abba.’
উল্লেখ্য, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচ সিরিজের দুটি টেস্টই জিতেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। কিংস্টনে ৯৫ রানে জয়ের পর সেন্ট জর্জে বাংলাদেশ জিতেছিল ৪ উইকেটের ব্যবধানে। অবশ্য সেই সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলটি ছিল একেবারেই সাদামাটা।