বিপিএল থিম সংয়ের কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

জমকালো আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি। এবারের বিপিএল আয়োজনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে জড়িত সেই কথা আগেই শোনা গিয়েছিল। বিপিএলের থিম সংয়ে প্রধান উপদেষ্টা কয়েকটি লাইন লিখেছেন। জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

থিম সং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম...(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।'

বিপিএলের থিম সং প্রকাশ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর জানিয়েছেন থিম সংয়ে প্রধান উপদেষ্টার যুক্ত হওয়ার কথা। 'আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।'

বিসিবির এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের নানা প্রতীকি ছবির সমন্বয়ে গ্রাফিতি প্রদর্শন করা হয়। 'আবার এলো বিপিএল' শিরোনামে থিম সং প্রকাশ করা হয়।

এবারের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত