ইসকন নেতা চিন্ময়ের কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বেনাপোলে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধের কড়া হুঁশিয়ারি দেয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সম্প্রতি তাদের একটি সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। বিজেপির আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও স্বাভাবিক রয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি।
বন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে ৪১৮ ট্রাক মালামাল আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল। পাসপোর্ট যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১ হাজার ৮’শ যাত্রী ভারতে পারাপার করেছে।
গত ২ ডিসেম্বর দুপুরের দিকে বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের কঠোর হুঁশিয়ারি দেয় বিজেপি নেতারা। সমাবেশে সভাপত্বি করেন বানগাও মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল। সমাবেশে বক্তব্য রাখেন, পশ্চিম বংগরাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দ অধিকারি, বনগাও লোকসভা আসনের এমপি সান্তনু ঠাকুর, বিধায়ক অশোক কৃত্বনিও, বিধায়ক স্বপন মজুমদার।
বিজেপির নেতাদের সভা সমাবেশে বেনাপোল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকিতে সারা দেশে ব্যবসায়ী ও পাসপোর্ট যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গত ২ ডিসেম্বরের বিজেপির সমাবেশের পর থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বেড়েছে। বেনাপোল কাস্টমস হাউসেও রাজস্ব আয়ও গত বছরের তুলানায় বৃদ্ধি পেয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী শাহ জালাল বলেন, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন, যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন এটি সম্পূর্ণ গুজব। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওপারে ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুজ্জামান সজিব নাজির বলেন, বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে গত একমাস ধরে। শুধুমাত্র গতকাল মঙ্গলবার ৪১৮ ট্রাক মালামাল আমদানি হয়েছে ভারত থেকে। অন্যদিকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ জানান, দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার চেয়ে আসার যাত্রী একটু বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে ওপারে কোনো সমস্যা হয়নি তাদের। এক শ্রেণির লোক গুজব ছড়াচ্ছে পাসপোর্ট যাত্রী নিয়ে। আজও সকাল থেকে দুপুর পর্যন্ত ১ হাজার ৮’শ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে।