দুর্গাপূজার ছুটি শেষে সচল বাংলাবান্ধা স্থলবন্দর

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরেও বন্ধ ছিল পণ্য আমদানি-রপ্তানি। তবে এ সময়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
 
গত ১৭ অক্টোবর থেকে গতকাল ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ ২৫ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে কার্যক্রম শুরু হয়েছে।
 
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।
 
বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দেশের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিদের যৌথ সিদ্ধান্তে সাময়িকভাবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। 
 
তিনি জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু ছিল। 
 
উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি। এ বন্দর দিয়ে ভারত ছাড়াও নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য পরিচালিত হয়। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক এ বন্ধের কারণে নির্ধারিত সময় পর্যন্ত পণ্য পরিবহন কার্যক্রম স্থগিত থাকলেও আজ রবিবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বন্দরটিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
সর্বশেষ সর্বাধিক পঠিত