রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলাদিপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ফুটওভার ব্রিজ। তবে নির্মাণের পর থেকে কোনো কাজেই আসছে না এই ফুটওভার ব্রিজটি। স্থানীয়দের অভিযোগ এই ব্রিজের ওপর মাদকের আড্ডা বসে। নারীরা ব্রিজ পার হওয়ার সময় প্রায়ই বখাটেদের ইভটিজিংয়ের শিকার হন। এ কারণে ফুটওভার ব্রিজ এড়িয়ে মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হন।
রাজবাড়ী সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলাদিপুরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। ডিলাক্স এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটি তৈরি করে। এটি নির্মাণে ব্যয় হয় ২ কোটি ৪৪ লাখ টাকা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন-চার বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু এই ব্রিজ দিয়ে সাধারণত মানুষ চলাচল করেন না। সকালে কিছু শিক্ষার্থী পার হলেও সারা দিন কোনো মানুষ ব্রিজ দিয়ে পার হন না। সন্ধ্যার পর এখানে নিয়মিত বখাটেদের আড্ডার স্থানে পরিণত হয়।
সরেজমিন দেখা যায়, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলাদিপুর বাজার-সংলগ্ন সড়কের ওপর নির্মাণ করা হয়েছে ব্রিজটি। রাজবাড়ী থেকে ফরিদপুরে যাওয়ার পথে বাম পাশে আলাদিপুর উচ্চবিদ্যালয় ও আলাদিপুর আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা দিয়ে জেব্রা-ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘এই ব্রিজ নির্মাণের ফলে আমাদের কোনো উপকার হয়নি বরং ক্ষতি হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর এই ব্রিজের ওপর বখাটেদের আড্ডা বসে। এখানে মাদক কারবারও চলে। এ ছাড়া ব্রিজ দিয়ে যদি কোনো মেয়ে একা যায়, তাহলে অনেক সময় তাকে ইভটিজিংয়ের শিকার হতে হয়।’
আলাদিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, ‘আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুটওভার ব্রিজের জন্য কোনো চাহিদা দেওয়া হয়নি। আমাদের যেসব শিক্ষার্থী রয়েছে, তাদের রাস্তা পার হওয়ার সময় ফুটওভার ব্রিজটি ব্যবহার করতে বলি। যদি কেউ এটি ব্যবহার না করে তাহলে আমাদের কিছু করার থাকে না।’
রাজবাড়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজস খান বলেন, ‘আমি ফুটওভার ব্রিজটি পরিদর্শন করেছি। সেখানে দুটি স্কুল আছে। শিক্ষার্থীরা পারাপার হয়। সাধারণ পথচারীরা ব্রিজে ওঠেন না। এই ব্রিজ নির্মাণের সময় আমি ছিলাম না। তখন যিনি ছিলেন এ সম্পর্কে তিনিই ভালো বলতে পারবেন।’