বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯ বিদ্যালয়ের ২৫ নারী শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল বাছাই করা দরিদ্র শিক্ষার্থীদের উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক। বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেছে নারী শিক্ষার্থীরা। সেই সঙ্গে তারা ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে প্রচার চালাবে বলে জানায়।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা মৈত্র বলে, ‘বিদ্যালয় থেকে আমার বাড়ি ছয়-সাত কিলোমিটার দূরে। যাওয়ার সময় ভ্যানগাড়ি না পাওয়ায় সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারতাম না। কৃষক বাবার বাইসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। এখন প্রশাসন থেকে সাইকেল পাওয়ায় চালিয়ে বিদ্যালয়ে সঠিক সময় উপস্থিত হতে পারব। ভালোমতো পড়াশোনা করে দেশের জন্য কাজ করব।’
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। দারিদ্র্য যেন তাদের পড়াশোনায় বাধা সৃষ্টি না করতে পারে, তাই বাছাই করে ১৯টি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়।