বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বিদেশে কর্মী পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন মো. হৃদয় রাফসানি শাহজাহান ওরফে কামরুল ইসলাম (৪২)। গতকাল বুধবার সকাল পৌনে ৭টায় টঙ্গীর খা পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ লাখ ৫ হাজার ২০০ টাকা, ৩০টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৫টি বেনামে নিবন্ধিত সিম, বিমানের সাতটি নকল টিকিট ও ৯টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে বলেন, প্রতারক চক্রটি গত সেপ্টেম্বর মাসে উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় সাহাজাদি এন্টারপ্রাইজ নামে বিদেশে কর্মী পাঠানোর নামে একটি প্রতিষ্ঠান চালু করে। গত ২ নভেম্বর ভিকটিম আমিরুল ইসলাম অনলাইনে তাদের প্রচারণা দেখে যোগাযোগ করেন ও তাদের কথা মতো ওই প্রতিষ্ঠানে যান। প্রতারক চক্র তাকে মেকানিক্যালকর্মী হিসেবে তাইওয়ানে পাঠাবে বলে জানায়। এরপর প্রতারক চক্রকে তাদের কথা অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা দেন। প্রতারক চক্রটি ভিকটিম আমিরুলসহ আরও ১২ জনকে একসঙ্গে বিদেশে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ২৬ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং তাদের ভিসা ও বিমানের টিকিট দেয়। পরে ভিকটিম জানতে পারেন ভিসা ও বিমানের টিকিটগুলো জাল। এ ঘটনায় ভিকটিম মো. আমিরুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণার মামলা হয়। ওই মামলায় কামরুল ইসলামকে গতকাল সকালে গ্রেপ্তার করা হয়।