বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুলে (আরটিএস) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টার অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।
এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৩৯৯ জন (৩৭৮ জন পুরুষ এবং ২১ জন মহিলা) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি-২ মেহেদী হাসান শুভ সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন।
এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, শমশেরনগর বিমান বাহিনী স্টেশন কমান্ডার এয়ার কমডোর মোহাম্মদ মুশতাকুর রহমান, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. খায়রুল বাসার, পিএসসি তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।