ঘন সবুজ বৃক্ষরাজি, পাখির কিচিরমিচির আর নির্মল বাতাসের মধ্যে আজ ভোরে ভিন্ন এক প্রাণচাঞ্চল্যে মেতে ওঠে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়ক। প্রকৃতির সান্নিধ্যে সুস্থতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ‘গেট টুগেদার রান’-এ অংশ নেন দুই শতাধিক দৌড়বিদ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ দৌড়ে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ ২১ কিলোমিটার এবং সর্বনিম্ন ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
কমলগঞ্জ রানার্সের আয়োজনে এবং রাজকান্দি রানার্সের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। লাউয়াছড়ার উঁচু-নিচু ও আঁকাবাঁকা সড়কে দৌড়বিদদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠে সক্রিয় ছিলেন দুই সংগঠনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের অ্যাডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ অন্যরা।
আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশাবাদও জানান তাঁরা।
দৌড় শেষে অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্লান্তি জয়ের তৃপ্তি। এতে অংশ নেওয়া সাবেক ব্যাংক কর্মকর্তা সালাহ উদ্দিন, ব্যবসায়ী সোলাইমান হোসেন ও সংবাদকর্মী সাদিকুর রহমান বলেন, দৌড়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ার পাশাপাশি ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। লাউয়াছড়ার মতো নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে দৌড়ানোর অভিজ্ঞতা ছিল আনন্দদায়ক। তাঁরা নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা জানান।
কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই আমাদের এ আয়োজন। একই সঙ্গে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়াতেও লাউয়াছড়ার সড়কে এমন আয়োজন করা হয়েছে।’