আগামী ২৪ নভেম্বর মণিপুরিদের প্রাণের উৎসব ‘রাসপূর্ণিমা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর কমলগঞ্জের মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে এখন আনন্দের জোয়ার বইছে। ইতোমধ্যে মৃদঙ্গের গম্ভীর ধ্বনি, মন্দিরার রিনিঝিনি আর শিল্পীদের নুপুরের শব্দে মুখর হয়ে উঠেছে কমলগঞ্জের মণিপুরি পাড়াগুলো।
পূর্ণিমার স্নিগ্ধ আলোয় নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’ বরণ করে নিতে এখন চরম ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি সম্প্রদায়ের মানুষেরা।
বুধবার (১৮ নভেম্বর) কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও, বাঘবাড়ি ও উত্তর মাঝেরগাঁও গ্রাম ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক ধরে গোষ্ঠলীলা (রাখাল নৃত্য) ও রাসনৃত্যের মহড়া চলছে। প্রতিদিন একেকটি গ্রামে প্রায় ১০ থেকে ১৫ জন মণিপুরি তরুণ-তরুণী ঐতিহ্যবাহী গানের সুরে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন।
মণিপুরি মহারাস উৎসব মূলত দুটি প্রধান পর্বে বিভক্ত একটি হলো দিনের আলোয় ‘রাখালরাস’ও রাতের গভীরে মূল আকর্ষণ ‘মহারাস নৃত্য’। উৎসবের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই রাখালরাসের প্রস্তুতি শুরু হয়। সকাল ১১টা থেকে রাত ১১টা থেকে ১২টার ঠিক মধ্যবর্তী সময়ে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘মহারাস নৃত্য’ শুরু হয়।
মহারাস উৎসবের রাসধারী (প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাস উৎসবের রাসধারী হিসেবে আছি। আমাদের গ্রামের মণিপুরি শিশু কিশোরীদের নিয়ে প্রতিবছরই উৎসবের এক মাস আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে থাকি। আমরা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাড়ির উঠানে মহড়া দিচ্ছি। এখন প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।’
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ বলেন, ‘এ বছর অনুষ্ঠানটি দুদিন ব্যাপী আয়োজন করা হবে। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে রাসের স্মারকগ্রস্থ উন্মোচন ও আলোচনা সভা। পরের দিন ২৪ নভেম্বর সকাল থেকে মূল উৎসব শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছি। উৎসবের নিরাপত্তায় আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও সবার সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবেন আশস্ত করেছেন।’
রাস পূর্ণিমা উৎসব উদযাপন কমিটি আদমপুরের সাধারণ সম্পাদক সমরেন্দ্র কুমার সিংহ বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সরব উপস্থিতিতে এই উৎসব প্রাঙ্গণ এক সুমহান মিলনমেলায় পরিণত হবে। আমাদের সকল প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বন্দীপ তালুকদার বলেন, রাস উৎসবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাসহ সহযোগিতা থাকবে।
ঐতিহ্য মেনে মাধবপুরের শিববাজারের ঐতিহাসিক জোড়ামণ্ডপে (পাশাপাশি তিনটি মণ্ডপ) এবং আদমপুরের তেতইগাঁওয়ে সানা ঠাকুরের মণ্ডপে (বর্তমানে সেখানে দুটি ভিন্ন মঞ্চ) রাতভর এই মহোৎসব চলবে। মণিপুরিদের এই বর্ণিল উৎসব দেখতে প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।