বাংলাদেশ ও ভারতের মধ্যে উদ্ভূত পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় আনা হয়েছে। কলকাতার মিশনপ্রধান গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনারও গতকাল রাত ১০টার দিকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। কলকাতা থেকে শিকদার মো. আশরাফুর রহমান ঢাকায় ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানও ঢাকার পথে রওনা হয়েছেন।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গণে ভাঙচুর করে। এ হামলার এক দিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।