দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে হেরিটেজ পরিবহন বাসের চালক পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার আহমদপুর বাজার এলাকার আনোয়ার হোসেনের (২৮) নাম জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় নিহত নারী বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে দিনাজপুরমুখী একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গাড়ির ভিতরে চাপা পড়া অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত ২০ জনের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।