মেঘনায় নৌকাডুবে মামা-ভাগনের মৃত্যু, নিখোঁজ ২ জেলে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি নৌকাডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার ভোরে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে দুর্ঘটনা ঘটনা ঘটে। 

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালির চলের প্রয়াত আব্দুল আলীর ছেলে আবুল হাসেম (৫০), একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে মামা ভাগনে।

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসানোর জন্য যায় রবিউল মাঝির নৌকাটি। আজ শুক্রবার ভোরে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে আবুল হাসেম ও জুয়েলের মরদেহ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত