অস্ট্রেলিয়ান পেসারদের বলই চোখে দেখছেন না রোহিতরা!

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দলীয় স্কোর তিন অংকে পৌঁছার আগেই টপ অর্ডারের চার ব্যাটার। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন দুই পেসার মিচেল স্টার্ক আর স্কট বোল্যান্ড। মধ্যাহ্নবিরতি শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৯১ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ভারত। ম্যাচের প্রথম বলেই ইনফর্ম যশস্বী জয়সোয়ালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিচেল স্টার্ক। এই নিয়ে তিনবার টেস্টের প্রথম বলেই তিনি উইকেট পেলেন, যা ইতিহাসে সর্বোচ্চ। এরপর ৬৯ রানের জুটি গড়েন অপর ওপেনার লোকেশ রাহুল আর শুবমান গিল। পার্থে ভালো খেলা রাহুল এবার ৬৪ বলে ৩৭ রানেই থামেন। আর চোট কাটিয়ে ফেরা শুবমান গিল আউট হন ৫১ বলে ৫ চারে ৩১ রান করে।

ব্যর্থ হয়েছেন বিরাট কোহলিও। পার্থে দুর্দান্ত সেঞ্চুরি করা কিং কোহলি আজ ৮ বল খেলে করেছেন মাত্র ৭ রান। মিচেল স্টার্কের বলে ধরা পড়েছেন স্টিভেন স্মিথের হাতে। ৪ উইকেটে ৮২ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় ভারত। বিরতির পরও তাদের দুর্দশা কাটেনি। পাঁচ বছর পর মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা অধিনায়ক রোহিত শর্মা ২৩ বলে ৩ রান করে বোল্যান্ডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর ২৭.৩ ওভারে ৫ উইকেটে ৯১ রান।