এখন থেকে ভারত-পাকিস্তানের সব টুর্নামেন্টই হাইব্রিড মডেলে?

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। গতকাল বৃহস্পতিবার আইসিসির একটি সভা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সভা পিছিয়ে দেওয়া হয়েছে শনিবারে। তার আগেই বার্তা সংস্থা পিটিআই দাবি করেছে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ২০২৭ সাল পর্যন্ত আইসিসির ভারত এবং পাকিস্তানের আয়োজনে সব টুর্নামেন্ট হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে!

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক কারণে ভারত সে দেশে দল পাঠাবে না। তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বলেছে। এক্ষেত্রে ভারতের ম্যাচগুলো হবে অন্য কোনো দেশে। দীর্ঘদিন পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাওয়া পাকিস্তান এতে তীব্র আপত্তি জানিয়েছে।

এসব কারণে টুর্নামেন্ট শুরুর অন্তত ৯০ দিন আগে সূচি ঘোষণা করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আইসিসির এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘সব বোর্ডের প্রধানরাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে।’

এদিকে পাকিস্তান নাকি দাবি করেছে, তারা ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে খেলবে না। তাদের জন্য হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হবে। পিসিবির এই দাবি নাকি ২০২৭ সাল পর্যন্ত মেনে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভারত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে।

যদি হাইব্রিড মডেলের বিষয়টি সত্যি হয়, তাহলে ওই দুটি টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে না। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসাবে আছে শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হতে পারে। মেয়েদের বিশ্বকাপে হয়তো পাকিস্তানের ম্যাচগুলো অন্য কোনো দেশে হবে। আগামীকাল শনিবারের সভায় আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত