অ্যাডিলেড দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনের দুই সেশনেই অল-আউট হয়ে গেছে ভারত। বল হাতে আগুন ঝরিয়ে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ভারত ব্যাট করতে পেরেছে মাত্র ৪৪.১ ওভার, রান হয়েছে ১৮০। ইনিংসে কেউ ফিফটি করতে পারেনি, সর্বোচ্চ ৪২ রান এসেছে নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে।
টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ভারত। ম্যাচের প্রথম বলেই ইনফর্ম যশস্বী জয়সোয়ালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিচেল স্টার্ক। এই নিয়ে তিনবার টেস্টের প্রথম বলেই তিনি উইকেট পেলেন, যা ইতিহাসে সর্বোচ্চ। এরপর ৬৯ রানের জুটি গড়েন অপর ওপেনার লোকেশ রাহুল আর শুবমান গিল। পার্থে ভালো খেলা রাহুল এবার ৬৪ বলে ৩৭ রানেই থামেন। আর চোট কাটিয়ে ফেরা শুবমান গিল আউট হন ৫১ বলে ৫ চারে ৩১ রান করে।
ব্যর্থ হয়েছেন বিরাট কোহলিও। পার্থে দুর্দান্ত সেঞ্চুরি করা কিং কোহলি আজ ৮ বল খেলে করেছেন মাত্র ৭ রান। মিচেল স্টার্কের বলে ধরা পড়েছেন স্টিভেন স্মিথের হাতে। ৪ উইকেটে ৮২ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় ভারত। বিরতির পরও তাদের দুর্দশা কাটেনি। পাঁচ বছর পর মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা অধিনায়ক রোহিত শর্মা ২৩ বলে ৩ রান করে বোল্যান্ডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। যা একটু লড়াই করেচেন ৫৪ বলে ৪২ রান করা নিতিশ রেড্ডি। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ২২ বলে ২২ রান করেন।
বল হাতে ১৪.১ ওভারে ২ মেডেনসহ ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। টেস্ট ক্যারিয়ারে এটা তার ১৫তম পাঁচ উইকেট শিকার। স্টার্কের ৯১ টেস্টের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। এত দিন সেরা ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স এবং আরেক পেসার স্কট বোল্যান্ড।