আইসিসির বিরুদ্ধে শীতল লড়াইয়ে বেন স্টোকস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ওয়েলিংটনে আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে ইংল্যান্ড। এর আগেই আইসিসির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তিনি নাকি ২০২৩ সাল থেকে স্লো ওভার রেটের কাগজে সাক্ষর করছেন না। আইসিসির বিরুদ্ধে এটাই তার প্রতিবাদ। কিন্তু কেন?

সম্প্রতি স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল থেকে ২২ পয়েন্ট কাটা গেছে ইংল্যান্ডের। এ কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা পিছিয়ে পড়েছে। এই পয়েন্ট কাটা না পড়লে তারা চতুর্থ স্থানে থাকত, সেক্ষেত্রে তাদের পয়েন্ট শতাংশ হতো ৫১.৬৬। এক বছর আগে আইসিসিকে এই বিষয়ে বলেছিলেন স্টোকস। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো জবাব দেয়নি আইসিসি।

তাই ওয়েলিংটনে মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে স্টোকস বলেছেন, ‘দুই দলের জন্যই এই ওভাররেট খুব বিরক্তিকর। বিশেষ করে যখন ম্যাচ আগে শেষ হয়ে যায় এবং ম্যাচের ফলাফল হয়। গত বছর অ্যাশেজের সময় ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। ওভার রেটের বিষয়টি কোথায় খেলা হচ্ছে তার ওপরেও নির্ভর করে।’

স্টোকস আরও বলেন, ‘এশিয়ায় খেলা হলে স্লো ওভার রেটের সমস্যা হয় না, কারণ সেখানে স্পিনাররাই বেশি ওভার বোলিং করে। এই স্লো ওভার রেট নিয়ে এক বছর হয়ে গেল আমি বলে যাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত আইসিসি কোনো উত্তর দেয়নি। আইসিসির কেউ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত