মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুঘর্টনায় কলেজ ও মাদরাসার ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। দুই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-দোহার সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- নারায়নগঞ্জের ফতুল্লা মাসডাইল এলাকার আবুল হোসেনের ছেলে রিপন হোসেন ইয়ান (২১) ও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষি উমপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে আব্দুল্লাহ বিন তালহা (৬) । নিহত রিপন হোসেন সরকারি তুলারাম কলেজের ছাত্র এবং আব্দুল্লাহ বিন তালহা দামলা আব্দুল ওহাব দারুচ্ছুন্নাত হাফিজিয়া মাদরাসার ছাত্র।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, সকাল ৭টার দিকে ঢাকা-দোহার সড়কে জেলার শ্রীনগর উপজেলার তিন দোকান নামক স্থানে দ্রুত গতির একটি অটোরিকশা চাঁপা দিলে মারা যায় মাদরাসা ছাত্র তালহা। অন্যদিকে ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার কামারখোলা এলাকায় দুটি মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকলে দুটির ৪ আরোহী এক্সপ্রেসওয়ের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান কলেজ ছাত্র রিপন হোসেন ইয়ান।