জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মন্তাজ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামসুল হক (৭০) নামে একজন আহত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মন্তাজ আলী ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে। আহত শামসুল হক একই এলাকার মৃত আকবর আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগে থেকে একখণ্ড জমি নিয়ে মন্তাজ আলীর সঙ্গে প্রতিবেশী আক্তার মিয়ার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সকালে সালিশ হয়। সালিশে সরকারি আমিন দিয়ে জমি মেপে মন্তাজ আলীদের বুঝিয়ে দেয় স্থানীয়রা। বিকালে সেই জমিতে মন্তাজ আলী ও তার লোজন বীজতলা তৈরি করতে গেলে প্রতিপক্ষ আক্তার মিয়ার লোকজন তাদের বাঁধা দেয়। এ সময় দুইপক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির সময় আক্তার মিয়ার লোকজন প্রতিবেশী মন্তাজ আলী ও শামসুল হককে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মন্তাজ আলীকে মৃত ঘোষণা করেন। আর আহত শামসুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রযেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।