চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। সেন্ট কিটস ও নেভিসে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উইন্ডিজ দলে নেই তারা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই পেসার মারকুইনো মিন্ডলি ও জেডিয়াহ ব্লেডস।
সম্প্রতি সিজি ইউনাইটেড সুপার ৫০ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলে ডাক পেয়েছেন মারকুইনো মিন্ডলি। তিনি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করেন। এই সিরিজে তার ওয়ানডে অভিষেকের অপেক্ষা।
জেডিয়াহ ব্লেডসও উইন্ডিজ একাডেমি দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তিনি একই টুর্নামেন্টে ১৪টি উইকেট শিকার করেন, যা তার জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়ার পথে বড় ভূমিকা রেখেছে। এই দুই তরুণ পেসার বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন এবং সিরিজের প্রস্তুতিতে অংশ নেবেন।
দলের মেডিকেল টিম জানিয়েছে, ম্যাথু ফোর্ডকে চোটমুক্ত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শামার জোসেফ টেস্ট সিরিজ শেষ করার পর শিন স্প্লিন্ট সমস্যায় ভুগছেন।