বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার, ২২ বছরেই শেষ হয়েছিল ক্যারিয়ার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

ক্রিকেটার হিসেবে পরিচিতি পেলেও, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকায় বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা শচীন টেন্ডুলকার নয়, উঠে এসেছে এক ভিন্ন নাম—আর্যমান বিড়লা। ২২ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার এখন একজন সফল ব্যবসায়ী। আর্যমান বিড়লার সম্পদের পরিমাণ আনুমানিক ৭০ হাজার কোটি রুপি, যা তাকে অনায়াসে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে নিয়ে যায়।

১৯৯৭ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া আর্যমান বেড়ে ওঠেন মধ্যপ্রদেশের রেওয়ায়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী এই তরুণ দ্রুতই জুনিয়র পর্যায় পেরিয়ে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে জায়গা করে নেন।

২০১৭ সালে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে অভিষেক ঘটে তার। ২০১৮ সালে ইডেন গার্ডেনসে বেঙ্গলের বিপক্ষে ১৮৯ বলে ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলে নিজের প্রতিভার জানান দেন। রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিসহ ৪১৪ রান করেন তিনি।

২০১৮ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালস আর্যমানকে ৩০ লাখ রুপিতে দলে নিলেও, মাঠে নামার সুযোগ হয়নি। দুই মৌসুম বেঞ্চে বসার পর ২০১৯ সালে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। একই বছর চোট এবং মানসিক চাপের কারণে আর্যমান ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন।

ক্রিকেট থেকে বিরতির সময়েই পারিবারিক ব্যবসায় যুক্ত হন আর্যমান। তিনি ভারতের বিখ্যাত আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মাঙ্গালাম বিড়লার সন্তান। ২০২৩ সালে আর্যমান আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি গ্রুপের আরও কয়েকটি শাখায় পরিচালকের দায়িত্ব পালন করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, আর্যমান বিড়লার সম্পদমূল্য ৭০ হাজার কোটি রুপি। ভারতের অন্যান্য ধনী ক্রিকেটারের তুলনায় এটি অবিশ্বাস্য। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সম্পদমূল্য প্রায় ১ হাজার ৪৫০ কোটি রুপি, কোহলি ও ধোনির সম্পদ এখনো ১ হাজার কোটির নিচে।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে নিজের নামের শেষাংশ নিয়ে বিব্রত ছিলেন আর্যমান। তবে পরিশ্রম ও পারফরম্যান্স দিয়ে তিনি নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ আমাকে ‘বিড়লার ছেলে’ বলত। পরে তারা আমাকে আমার পারফরম্যান্সের জন্য চিনতে শুরু করে, যা আমার জন্য গর্বের বিষয়।’

অল্প বয়সে ক্রিকেট ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করা আর্যমান বিড়লা এখন পুরোদস্তুর ব্যবসায়ী। ক্রিকেট থেকে দূরে থাকলেও তার নাম ইতিহাসের পাতায় থেকে যাবে সম্পদ ও সাফল্যের গল্পে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত