সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৭

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে একই দিন ভোরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, জমির খান (৩৯), খুলনার লবনচরা মধ্যপাড়া গ্রামের চাকরিচ্যুত কনস্টেবল কামরুজ্জামান (৪৪), জহুরুল শেখ সুমন (৩৩), মিজানুর রহমান মিন্টু (২৭), মীর সোহেল হোসেন (২৬), রাজু শেখ (৩১) ও আইয়ুব মোল্লা (৫২)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে সয়দাবাদ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচয়পত্র জব্দের পাশাপাশি তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানান, তাদের প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।