নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ২০ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন দুজন। গতকাল শুক্রবার ভোর রাতে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের কালিরচলের আবুল হাসেম (৫০) এবং জুয়েল (২৭)। তারা সম্পর্কে মামা ভাগিনা।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতে ২৪ জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসাতে যায়। গতকাল শুক্রবার ভোরে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা আবুল হাসেম ও জুয়েলের মরদেহ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুই জেলে নিখোঁজ রয়েছেন।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।