আজ ৭ ডিসেম্বর, মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারমুক্ত হয় মাগুরা। মাগুরাকে শত্রুমুক্ত করতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্য ও স্থানীয় রাজাকার আলবদর বাহিনীর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করেন।
গেরিলা বাহিনীর ব্যাপক আক্রমণের মুখে হানাদাররা পিছু হটতে শুরু করে।
৬ ডিসেম্বর মুক্তি ও মিত্রবাহিনী নিজনান্দুয়ালী গ্রামসহ বিভিন্ন পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ চালায়। ভয়ে পাকিস্তানি সেনারা রাতারাতি মাগুরা শহর ত্যাগ করতে বাধ্য হয়।
৭ ডিসেম্বর মাগুরা শত্রুমুক্তির আনন্দে মুক্তিকামী মানুষের ঢল নামে পুরো শহরে। ৭ ডিসেম্বর বিকেলে মাগুরা নোমানী ময়দানে আনুষ্ঠানিকভাবে মাগুরাকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়।