টাঙ্গাইলে স্মরণসভায় টুকু

ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তাদের চক্রান্ত থেমে নেই

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান। ফ্যাসিবাদের চক্রান্ত থেমে নেই। গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামছুল হকের ১৬তম স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতনের শিকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটের মাধ্যমে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে তখনই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।

শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি শ্যামল হোড়ের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, প্রয়াত শামসুল হকের ছেলে মাহমুদুল হক সানু।