জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাঙচুর, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার ও ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ। গতকাল শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।