পুলিশের এএসআইসহ ছয়জন কারাগারে

চট্টগ্রাম নগরের কল্পলোক আবাসিক এলাকায় একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়া পুলিশের এক এএসআইসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ছয়জন হলেন নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।

পুলিশ জানায়, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকলিয়া থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের নয়তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।