এসি লাগাতে গিয়ে গুরুতর আহত কিশোর, হাসপাতালে মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মার্কেটে এসি লাগানোর সময় নিচে পড়ে ইউসুফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে মৃত ইউসুফের সহকর্মী মো. রুবেল জানান, তারা রনি মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের বাইরের দিকে এসি লাগাচ্ছিল। ইউসুফ হেলপার হিসেবে কাজ করে। তখন সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত ইউসুফের বাড়ি শরিয়তপুর। বর্তমানে কামরাঙ্গীরচর টেকেরহাটি এলাকায় থাকত।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।