কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার মাথায় পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে ভবনের উপর থেকে গ্যাস সিলিন্ডার মাথার উপর পড়ে জালাল (৫৩) নামে এক প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নূরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বিউটি আক্তার জানান, তারা থাকেন নূরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে মসজিদের সামনের নিজেদের দুই তলা বাড়িতে। রাতে বাড়িটির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। তখন পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তার মাথার উপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত