রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলায়মান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমের জ্যেষ্ঠপুত্র সোলায়মান সেলিমকে গত ১৩ নভেম্বর রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে এমপি তিনি এমপি হয়েছিলেন।
সোলায়মান সেলিমকে শুরুতে চকবাজার মডেল থানায় করা রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রাকিব আওয়ামী লীগ সরকার পতনের দিন চাঁনখারপুল মোড়ে গুলিবিদ্ধ হলে পরে হাসপাতালে মারা যান। এরপর সোলায়মান সেলিমকে লালবাগ থানার খালিদ হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই গুলিতে প্রাণ হারান। পরে তার বাবা কামরুল হাসান মামলা করেন।