পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চিতা আরও বেড়েছে। দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে আইসিসির সভা। গতকাল শনিবার এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো সমাধানে আসা সম্ভব হয়নি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘শনিবার একটা সভা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। কবে সেই সভা হবে তা জানতে পারলে সকলকে জানিয়ে দেওয়া হবে। টুর্নামেন্ট আয়োজন নিয়ে এখনো আলোচনা চলছে। তাই আপাতত কিছু বলা ঠিক হবে না। তবে পাকিস্তান ক্রিকেটের জন্য আমরা সব কিছু করছি। দেশবাসীকে নিরাশ করব না।’
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের মাটিতে দল পাঠাতে চায় না ভারত। তারা চায় হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে। অর্থাৎ, ভারত তাদের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে। বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। এই নিয়েই চলছে বিরোধ। ফলে সূচিও প্রকাশ করতে পারেনি আইসিসি।