লোকেশ রাহুলকে নিজের ওপেনিং পজিশন ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা। তাতেও ভাগ্য বদলালো না তার। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে বেশিক্ষণ টিকলেন না ভারত অধিনায়ক। চতুর্থ স্টাম্প বরাবর পড়ে ভেতরের দিকে আসা প্যাট কামিন্সের বল নাড়িয়ে দিল তার অফ স্টাম্প। তার উইকেট দেখে মনে হয়েছে গোলাপি বলে সর্ষে ফুল দেখেছেন তিনি।
শুধু রোহিতই নন। বিরাট কোহলির উইকেট বিলিয়ে আসা দেখে মনে হয়েছেন তিনি সর্ষে ফুল দেখছেন। প্রথম ইনিংসে কল্পিত চতুর্থ স্টাম্পের বল খেলা না খেলার দ্বিধায় ভুগেই ক্যাচ দিয়ে ফিরেছিলেন কোহলি। এবার বোলার স্কট বোল্যান্ড একই লাইনের বলে ডিফেন্স করতে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন কোহলি। ২১ বলে ১১ রানে ফিরলেন। শুবমান গিলের পর বোলান্ডের দ্বিতীয় শিকার কোহলি।
ওপাশ থেকে উইকেট পড়েছে, কিন্তু একপাশে পন্ত খেলেছেন একেবারে নিজের মতো, করেছেন সাহসী ব্যাটিং। এমনকি দিনের শেষ ওভারেও প্রথম বলেই বোলান্ডকে উড়িয়ে মেরেছিলেন ছয়ের জন্য। ছক্কা হয়নি অবশ্য, হয়েছে চার। ওভারের শেষ বলে আরেকটা চার মেরেছেন নিতীশ রেড্ডি।
শেষ পর্যন্ত পন্ত দিনটা শেষ করেছেন ২৫ বলে ২৮ রানে অপরাজিত থেকে, রেড্ডি কাল ব্যাট করতে নামবেন ১৪ বলে ১৫ রান নিয়ে। দ্বিতীয় দিনের খেলা শেষ। ইনিংস হার এড়াতে ভারতের এখনো দরকার ২৯ রান। ভারত দ্বিতীয় ইনিংস ২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে।
ওয়ানডে সিরিজ জয়ী জ্যোতিরা টি-টোয়েন্টিতে বিধ্বস্ত