দেশে গত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২৯ জনের। একই সময়ে সারা দেশে ৫৯৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২২৮ জন রোগী।
আজ রবিবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে ১৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে আটজন, সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়েছে, গত এক দিনে সারা দেশে ৭৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৪৬৭ জন।