রিন্টু নরসিংদী চেম্বারের সভাপতি

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। সূত্র জানায়, পরিচালকদের সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হচ্ছেন প্যানেলের দলনেতা রাশেদুল হাসান রিন্টু।

গত শনিবার প্রার্থিতা প্রত্যাহারের দিন ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরই পরিপ্রেক্ষিতে গত রবিবার নির্বাচন বোর্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ জনকে পরিচালক নির্বাচিত ঘোষণা করে।

রাশেদুল হাসান রিন্টু নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি।

চেম্বার সূত্র জানায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬ হাজার ৭০০। এবারের নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণিতে ২১ জন প্রার্থী ও সহযোগী শ্রেণিতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড।

জানতে চাইলে রাশেদুল হাসান রিন্টু বলেন, নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সবাইকে নিয়ে সমস্যাগুলো কাটিয়ে ব্যবসার পরিবেশ ও চেম্বারের উন্নয়নে কাজ করে যেতে চাই।