নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশনী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ব্রিজের নিচে খাল থেকে ৫৬৬টি চীনা রাইফেলের বুলেট, ১টি ম্যাগাজিন ও ১টি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এ পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ৫৬৬টি বুলেট গণনা করা হয়েছে। এরপর আরও ১০-১৫টি বুলেট উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।