নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নীলফামারীতে রেলপথ ও সড়ক পথে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে ও পৌর এলাকার গাছবাড়ী রেল ক্রসিংয়ের পাশে এবং রবিবার (৮ ডিসেম্বর) রাতে ডোমার উপজেলার কালার মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৭), নীলফামারী পৌরসভার বাড়াইপাড়ার মৃত বাতাসু বর্মনের ছেলে বিমল চন্দ্র রায় (৬০) ও ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদার ইসলামের ছেলে বুলবুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে ইকু জুটমিলের পাশের সড়কে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে আলমগীর হোসেনে মৃত্যু হয়।

এছাড়া রবিবার রাতে ডোমার-গোমনাতী সড়কে কালার মোড় তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ৭ আরোহী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বুলবুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ-উন নবী, নীলফামারী সদর ও ডোমার থানার ওসি এম আর সাঈদ ও আরিফুল ইসলাম এসব তথ্য জানান।