ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩১ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৮ জন। ফলে মোট আক্রান্ত হয়েছেন সংখ্যা ৯৬ হাজার ৭০৬ জন।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ জন এবং ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে ১০৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৬০ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ৯৪ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।