মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি আবেদন শুরু আজ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস-বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ জানুয়ারি। এক ঘণ্টার এই পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

গতকাল সোমবার এই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তিচ্ছুরা ১০ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের আগে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে। এ পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটির ১ নম্বর করে মোট নম্বর ১০০। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময় এক ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর, অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।