সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখল, নৈরাজ্য চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

মানববন্ধনে অংশ নেন মনিরুজ্জামান মনির, আল-আমিন তুষার, রুবেল মিয়া, হাসান মাহমুদ রিপন প্রমুখ।