আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজারে। ট্রফিটি বুধবার (১১ ডিসেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে জনসমক্ষে উন্মোচন করা হবে। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রফি বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরে থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টে বিজিবির উর্মি গেস্টহাউজে। চ্যাম্পিয়নস ট্রফিটি প্রথম জনসমক্ষে দেখা যাবে বুধবার।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ট্রফিটি সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে সমুদ্রসৈকত সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে)। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি দেখার সুযোগ পাবে। কক্সবাজারে প্রদর্শনী শেষে বুধবার বিকালে ট্রফিটি ঢাকায় নিয়ে যাওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।