বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে শহরের খালইস্ট কলেজ পাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) সজিব দে জানান, সাবেক পৌর কাউন্সিলর দর্পন নিজ বাড়িতে অবস্থান করছে- এমন খবর পেয়ে গভীর রাতে পুলিশ অভিযান চালায়। এসময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় গত ১ নভেম্বর গুলিবিদ্ধ মঞ্জিল বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ১৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।