ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাক, পিকাপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও ৭ জন আহত  হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বারগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলাতুন্নেছা (৭৫) নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের মৃত লুতু মিয়ার স্ত্রী ও মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস)।

আহতরা হলেন আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), পাবেল মিয়া( ৩০), আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)।

বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, বুধবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকাপ ভ্যান ও কুমিল্লাগামী বালু বুঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনকে উদ্ধার করা হয়েছে । আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাড়িগুলো উদ্ধার কার্যক্রম চলছে।