খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি আসর শুরু করল রাজশাহী বিভাগ। তবে ফল নির্ধারণ হয়েছে ডার্কওয়ার্থ লুইস মেথডে। রান তাড়ায় খুলনার তখন প্রয়োজন ছিল ১৯ রান, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু আলোকস্বল্পতার কারণে ১৬ বল আগেই খেলা বন্ধ হয়ে যায়। রাজশাহীকে ডিএল মেথডে ১১ রানে জয়ী ঘোষণা করা হয়।
আজ বুধবার সিলেটের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান জড়ো করে খুলনা। ওপেনার এনামুল হক বিজয় ‘গোল্ডেন ডাক’ মারলেও সদ্য যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন ৩১ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস। এছাড়া অধিনায়ক নুরুল হাসান ২৬ বলে ৩৭ রান করেন। শেষদিকে ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও খেলেন মৃত্যুঞ্জয়।
রান তাড়ায় নেমে দারুণ শুরু করেছিল রাজশাহী। হাবিবুর রহমান সোহান আর সাব্বির হোসেনের উদ্বোধনী জুটিতেই আসে ৮৯ রান। হাবিবুর খেলেন ৩৮ বলে ৮চার এবং ৪ ছক্কায় ৬৬ রানের দারুণ ইনিংস। সাব্বির হোসেন ২৩ বলে ২৮ রান করে আউট হন। এরপর মেহরবের ২৬ আর অধিনায়ক প্রীতমের ১৯* রানে জয়ের পথেই ছিল রাজশাহী। কিন্তু আলোকস্বল্পতায় তাদের কপাল পোড়ে।