হোমনায় ভর্তুকি মূল্যের সার-বীজ পেতে ভোগান্তি

কুমিল্লার হোমনায় সরকারের ভর্তুকি মূল্যের সার ও বীজ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। ইউনিয়ন পর্যায়ে বিসিআইসি ডিলার নিয়োগ করা হলেও সংশ্লিষ্ট ইউনিয়নে সার বিক্রি করছেন না তারা। বেশিরভাগ ডিলার পৌর শহর কিংবা ইউনিয়নের বাইরের বিভিন্ন বাজারে সার ও বীজ বিক্রি করছেন। এতে ভর্তুকি মূল্যের সার-বীজ পেতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। আবার অনেকে সাব-ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার-বীজ বিক্রি করে বাড়তি মুনাফা অর্জন করছেন। এতে কৃষকের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।

জানা গেছে, উপজেলায় একই প্রতিষ্ঠানের নামে বিসিআইসি, বিএডিসি সার ও বিএডিসি বীজ ডিলার রয়েছে। কাগজপত্রে তাদের মোকাম বিভিন্ন ইউনিয়নে দেখানো হলেও একই মোকাম ও দোকানে সার-বীজ বিক্রি করছেন তারা। যেমন বিএডিসির সার-বীজ ডিলার মেসার্স সোনালী ট্রেডার্স ও মেসার্স তানিয়া ট্রেডার্স দুটি প্রতিষ্ঠান হলেও একই দোকান থেকে কার্যক্রম পরিচালিত হয়।

মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ, মেসার্স খোরশেদ ট্রেডার্স, মেসার্স রফিক ট্রেডার্স, মেসার্স আল আমিন ট্রেডার্স, মেসার্স আ. রশিদ ট্রেডার্স, মেসার্স রফিক ট্রেডার্স, মেসার্স সহিদ ট্রেডার্স, মেসার্স সবুজ এন্টারপ্রাইজ হোমনা বাজারে সার ও বীজ বিক্রি করে। তবে মেসার্স সোনালী ট্রেডার্স কোথায় সার ও বীজ বিক্রি করছেন তা কেউ বলতে পারেনি। এ ছাড়া রামকৃষ্ণপুর বাজারে মেসার্স এ-জেট ট্রেডার্সের সাইনবোর্ড থাকলেও কোনো দোকানঘর চোখে পড়েনি। দুলালপুর বাজারে মেসার্স সাদ্দাম এন্টারপ্রাইজের মালিক কে তা কেউ জানেন না।

এদিকে মেসার্স বিনিময় সিড স্টোর ও মেসার্স মীম ইন্টারন্যাশনাল স্থানীয় দড়িচর বাজারে মোকাম দেখিয়ে সার ও বীজ তুললেও সেখানে গিয়ে সার ও বীজ পাচ্ছেন না কৃষক। তাই বাধ্য হয়েই উপজেলা সদর থেকে সার ও বীজ কিনতে হয় তাদের।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘প্রত্যেক বিসিআইসি ডিলারকে সুনির্দিষ্ট ইউনিয়নের নির্ধারিত মোকামে সার-বীজ বিক্রি নিশ্চিত করতে হবে। তা না করলে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, ‘সার ও বীজ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। বাজার মনিটরিং করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’